মন্ত্রী হলেন নরসিংদীর চারবারের সরদার সাখাওয়াত হোসেন বকুল

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। সাখাওয়াত হোসেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এবং মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের সরদার আসমত আলীর ছেলে। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সরদার সাখাওয়াত হোসেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস। নবগঠিত মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। প্রায় ৯০ হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন।
